
সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ দেশব্যাপী নৈরাজ্য, ভাঙচুর ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে পটুয়াখালীর বাউফল উপজেলা ও পৌর বিএনপি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে স্থানীয় কাগজীর পুল থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বাউফল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা ও জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস।
বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ূন কবিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম হিরণ, জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ মঞ্জু এবং জাসাসের পটুয়াখালী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান আনিস বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা সারা দেশে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। দেশের দেশপ্রেমিক মানুষ এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার রয়েছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আর কোথাও ভাঙচুর, অগ্নিসন্ত্রাস কিংবা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে তাদের হাত-পা গুঁড়িয়ে দেওয়া হবে। বাংলার সাধারণ মানুষ আর কোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করবে না।
এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।