
দুর্যোগকালীন জেন্ডারভিত্তিক সহিংসতা থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং কন্যাশিশু ও প্রতিবন্ধী শিশুদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বানে সাতক্ষীরার শ্যামনগরে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) উপজেলা পাবলিক লাইব্রেরি হলরুমে ‘উপজেলা জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি হ্রাস শিশু ফোরাম’-এর আয়োজনে এবং জেজেএস-এর এসসিভিএল প্রকল্প, কিন্ডারনটহিলফে (কেএনএইচ) ও বিএমজেড-এর সহযোগিতায় এ সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন খান, একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম এবং মুন্সিগঞ্জ ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম পল্টু। এছাড়া সিপিপি নেতৃবৃন্দ, আশ্রয়কেন্দ্র কমিটি, শিক্ষক, সাংবাদিক ও অভিভাবকরা অংশ নেন। সভায় শিশু ফোরামের সদস্য তাবাসসুম তাহরিমা ও মিম এক প্রেজেন্টেশনে আশ্রয়কেন্দ্রে নারী ও শিশুদের পৃথক নিরাপদ স্থান, পর্যাপ্ত আলো, আলাদা শৌচাগার, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং প্রতিবন্ধীবান্ধব পরিবেশের অভাব তুলে ধরে। পাশাপাশি দুর্যোগ পরিকল্পনায় শিশুদের অংশগ্রহণ ও সুরক্ষা কমিটি গঠনের দাবি জানানো হয়।বক্তারা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা শুধু ত্রাণ ও আশ্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; প্রতিটি শিশুর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাও জরুরি। এজন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।