
সংবাদে দলীয় পদ-পদবি উল্লেখ করাকে কেন্দ্র করে দিনাজপুরের চিরিরবন্দরে এক সাংবাদিককে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদলের এক নেতার বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে চিরিরবন্দর উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
হুমকির শিকার সাংবাদিক মো. ইমরান আলী দৈনিক আজকের পত্রিকার চিরিরবন্দর উপজেলা প্রতিনিধি। অভিযুক্ত সালেহীন সুলতান চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক চিরিরবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এদিকে, প্রকাশ্যে একজন সংবাদকর্মীকে হুমকি দেওয়ার এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকার সহকারী সম্পাদক নবাব।
এক বিবৃতিতে তিনি বলেন, “গত ২৬ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে একজন সংবাদকর্মীকে প্রকাশ্যে যেভাবে হুমকি দেওয়া হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকার পক্ষ থেকে আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অন্যায়কারী যে-ই হোক, তার বিচারের জন্য দেশে প্রচলিত আইন ব্যবস্থা রয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়—দেশে কি তবে আইন ব্যবস্থা ভেঙে পড়েছে নাকি অকার্যকর হয়ে গেছে, জনমনে আজ সেই প্রশ্ন দেখা দিয়েছে।” তিনি অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, অমরপুর ইউনিয়নের জয়দেবপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সংবাদ ও ভিডিও প্রকাশের সময় সংশ্লিষ্টদের দলীয় পদ-পদবি উল্লেখ করা নিয়ে সাংবাদিক ইমরান আলীর সঙ্গে সালেহীনের বিরোধের সূত্রপাত হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে সালেহীন সুলতানকে উত্তেজিত হয়ে সাংবাদিককে হুমকি দিতে দেখা যায়।
তবে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে সালেহীন সুলতান দাবি করেছেন, কেবল কথা-কাটাকাটি ও উচ্চ স্বরে কথা হয়েছে। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানিয়েছেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।