
নিজস্ব প্রতিবেদক,মোঃ জসীমউদ্দীন দর্শনা:চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন এলাকায় রাত্রিকালীন টহল পুলিশের তাৎক্ষণিক ও সাহসিকতাপূর্ণ অভিযানে চুরি যাওয়া একটি গরু উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত গরুটির প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়। পুলিশের এমন দ্রুত পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং স্থানীয় জনতা পুলিশ সদস্যদের সাধুবাদ জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, দর্শনা থানার আওতাধীন দোস্তে আমতলাই এলাকায় নিয়মিত রাত্রিকালীন টহল ডিউটিতে ছিলেন (পিএসআই) মো. আলমগীর কবির ও তাঁর সঙ্গে থাকা পুলিশ ফোর্স। ডিউতিকালীন সময়ে বড় দুধপাতিলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. ইউসুফ আলী (২৬) টহলরত পুলিশের কাছে এসে কান্নায় ভেঙে পড়েন, এবং জানান যে, রাতের আঁধারে কে বা কারা তার ঘরের তালা ভেঙে একটি গরু চুরি করে নিয়ে গেছে।
অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই বিন্দুমাত্র সময় নষ্ট না করে পিএসআই মো. আলমগীর কবির তাঁর সঙ্গী ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলের আশপাশের মাঠে চিরুনি অভিযান শুরু করেন। মাঠে টর্চলাইটের আলো ফেলে তল্লাশি চালানোর সময় দূরে একটি সন্দেহজনক আলামত দেখতে পান।
পুলিশের দলটি দ্রুত ওই স্থানের দিকে অগ্রসর হলে অন্ধকারে ৩ থেকে ৪ জন চোর গরু ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে চুরি যাওয়া গরুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। এবং পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে গরুর প্রকৃত মালিক মোঃ ইউসুফ আলীর হাতে তা সোপর্দ করে।
মালিকের খোয়া যাওয়া সম্পদ দ্রুত উদ্ধার হওয়ায় এবং পুলিশের এই সাহসিকতাপূর্ণ ও তৎপর ভূমিকার জন্য স্থানীয় এলাকাবাসী দর্শনা থানা পুলিশকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন।