
নবাব, রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার:আগামী ৭ নভেম্বর ২০২৬ ঢাকার তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গ্রাম পুলিশ সমাবেশ-২০২৬’। সারা দেশের প্রায় ৪৭ হাজার গ্রাম পুলিশ সদস্যকে নিয়ে আয়োজিত এ মহাসমাবেশ সফল করতে দেশের বিভিন্ন জেলায় ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
‘তৃণমূলের কণ্ঠ সরাসরি শীর্ষ নেতৃত্বে’—এই প্রত্যয় এবং ‘চলো চলো ঢাকা চলো’ স্লোগানকে সামনে রেখে দেশের বিভিন্ন উপজেলার গ্রাম পুলিশ সদস্যরা ঐক্যবদ্ধ হয়েছেন। নীল পোশাকে ব্যানার-ফেস্টুন হাতে তারা মহাসমাবেশে যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। বিশেষ করে রংপুর বিভাগের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলাসহ বিভিন্ন উপজেলার গ্রাম পুলিশ সদস্যদের মধ্যেও ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে।
৬ নভেম্বর থেকে দেশের বিভিন্ন উপজেলার গ্রাম পুলিশ সদস্যরা দলবদ্ধভাবে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আগামীকালের এ মহাসমাবেশে সারা দেশ থেকে প্রায় ৪৭ হাজার সদস্যের অংশগ্রহণের কথা রয়েছে।
দীর্ঘদিনের ন্যায্য দাবি, অধিকার ও বিভিন্ন সমস্যা সরাসরি শীর্ষ নেতৃত্বের কাছে তুলে ধরাই এ সমাবেশে অংশগ্রহণের অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সদস্যরা।
‘গ্রাম পুলিশ এক হও, অধিকার আদায়ে এগিয়ে চলো, দেশের সেবায় মাথা উঁচু করে’—এমন প্রত্যয় নিয়ে মহাসমাবেশ সফল করার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন অংশগ্রহণকারীরা।
তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও গ্রামীণ জনপদে দায়িত্ব পালনকারী গ্রাম পুলিশ সদস্যদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা এবার শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছাবে—এমন আশা করছেন সংশ্লিষ্টরা। এ মহাসমাবেশের মাধ্যমে তাদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে ইতিবাচক উদ্যোগ নেওয়া হবে বলেও প্রত্যাশা করছেন তারা।