
মো: এরশাদ আলী
স্টাফ রিপোর্টার।
রাজশাহীর তানোর উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং শিশুর অধিকার সুরক্ষায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নচারী সমাজ উন্নয়ন সংস্থা’ এবং তানোর এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ ১২ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দে তানোর পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়। তানোর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে এই সমঝোতার মূল লক্ষ্য হলো এলাকায় দীর্ঘদিন ধরে চলমান বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা এবং স্থানীয় সংগঠনের নিকট দায়িত্ব সফলভাবে হস্তান্তর করা। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, তানোর এডিপির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এডিপি ম্যানেজার জনাব এন্ড্রিকাস মুর্মু এবং স্থানীয় সংগঠন স্বপ্নচারী সমাজ উন্নয়ন সংস্থার পক্ষে স্বাক্ষর করেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব রুবেল হোসেন মিন্টু। এই চুক্তির মাধ্যমে যেসকল কার্যক্রমের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে তা হলো—শিখন শেঁকড় কেন্দ্র(ইসিসিডি), আনলক লিটারেসি (ইউ এল) কার্যক্রম, শিশু ফোরাম ও যুব ফোরাম পরিচালনা, হতদরিদ্র পরিবার সহায়তা কার্যক্রম এবং এলাকার বিলবোর্ড কার্যক্রম চলমান রাখা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার জনাব ঝুনু লিমা বৈদ্য, গ্রাম উন্নয়ন কমিটির পক্ষে শরিফুল ইসলাম, আজিজুর রহমান বুলবুল, নওশাদ আলী ও সাইদুর রহমান। এছাড়াও স্বপ্নচারী সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক অমিত হাসান রনি, সদস্য মারুফ হোসেন, ফাহিম শেখ, ওমর হানিফসহ বিভিন্ন সেন্টার ম্যানেজমেন্ট কমিটির সদস্য, অভিভাবক, সহায়তাকারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই সমঝোতার মধ্য দিয়ে তানোরে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আরও বেশি বেগবান হবে এবং স্থানীয় যুবসমাজ ও জনগণ স্বউদ্যোগে এসব কার্যক্রম টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত সুধীজন।