
মো: এরশাদ আলী,স্টাফ রিপোর্টার:
শিক্ষা জাতির মেরুদন্ড, কোন একটি দেশের উন্নয়নে সু-শিক্ষার অবদান অতুলনীয়। আর এই শিক্ষা দান করেন শিক্ষক সমাজ। যার জন্য অতি জরুরি প্রয়োজনীয় নিরাপদ অবকাঠামো। কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার সার্বিক মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো অত্যন্তগুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অবকাঠামোর অভাবে শিক্ষাদানে চরম ব্যাহত সৃষ্টি হয়। অবকাঠামোর অভাব জনিত এমন সমস্যা নিয়েই অনেক সুনাম ও কৃতিত্বের সাথে দীর্ঘদিন ধরে এগিয়ে যাচ্ছে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার ০৯ নং ওয়ার্ডের ময়েনপুর আলীতলা দাখিল মাদ্রাসা। মাদ্রাসাটি ১৯৯৪ সালে স্থাপিত হয়। উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার সার্বিক উন্নয়নে শিক্ষানুরাগী, দায়িত্বশীল আদর্শবান সুপারিন্টেন্ডেন্ট জনাব মো: আব্দুল হকের অবদান অতুলনীয়। জানা যায় অত্র প্রতিষ্ঠানে বর্তমানে ১৬ জন সহকারী শিক্ষক কর্মরত রয়েছেন। কর্মচারী যথেষ্ট পরিমাণে আছে। মোট শিক্ষার্থী রয়েছে ৩১৭ জন। সরেজমিনে গিয়ে দেখা যায় যে মাদ্রাসার নির্ধারিত ড্রেস পরিহিত শিক্ষার্থীদের উপস্থিতি প্রায় শতভাগ। গতবছর পাশের হার জিপিএ-৫ সহ যথেষ্ট পরিমাণে। মহান এই প্রতিষ্ঠানের চারিদিকে নজর কাড়া নানা প্রজাতির শিক্ষনীয় ও ফলের গাছের সবুজ শীতল সমারোহ। ভিতরেই রয়েছে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠ। সব মিলে সুন্দর এক মনোরম পরিবেশ বিরাজমান।
কিন্তু সাফল্য অর্জন কারী এই প্রতিষ্ঠানের বড় সমস্যা একটাই তা হলো নিরাপদ অবকাঠামো নাই। দেখা যায় যে মাদ্রাসা টিতে পুরনো মাটির দেওয়ালের কয়েকটি ঘর ও উপরে পুরনো টিনের ছাউনি রয়েছে মাত্র। বর্তমানে মাটির দেওয়াল ফেটে হেলে পড়েছে ও উপরের টিন মরিচা ধরে ভেঙে পড়ছে। শিক্ষার্থীদের সকল ক্লাস রুমে মাথার উপরে নষ্ট হওয়া টিনের ছাউনি হেলে পড়েছে। বর্ষায় ও রোদে অনেক কষ্ট করে এবং অত্যন্ত ঝুঁকি নিয়ে ক্লাস করেছেন কোমল মতি দেশের ভবিষ্যৎ মেধাবী শিক্ষার্থীরা। যে কোন মূহুর্তে ঘটতে পারে বড় দূর্ঘটনা। এমন অবস্থায় স্বল্প সময়ের মধ্যে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক- কর্মচারী ও এলাকাবাসী, ম্যানেজিং কমিটি সহ সকল মহল শিক্ষার সার্বিক উন্নয়নে ও চলমান সুনাম আরো বৃদ্ধি করতে এবং এলাকার উন্নয়নে ময়েনপুর আলীতলা দাখিল মাদ্রাসায় প্রয়োজনীয় বহুতল ভবন নির্মাণে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন। এই মর্মে নিষ্ঠাবান ও দায়িত্বশীল অত্র মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট জনাব মো: আব্দুল হক বহুতল ভবন নির্মাণে জরুরি ভাবে শ্রদ্ধাভরে সরকার ও যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।