
মাত্র-১৭ই ফেব্রুয়ারি দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিয়েই বদলে দিয়েছিলেন গোটা হাসপাতালের গাইনি বিভাগের চিত্র। সেই গাইনি কনসালটেন্ট ডা.অনন্যা রানী-র বদলির গুঞ্জনে এখন আতঙ্কে দেবহাটার উপজেলার দেড় লাখ মানুষ।
স্থানীয়দের অভিযোগ,ডা. অনন্যা রানীকে যদি দেবহাটা থেকে বদলি করা হয়, তাহলে আবারও মুখ থুবড়ে পড়বে এই ৫০ শয্যার হাসপাতালের সিজারিয়ান ও গাইনি সেবা। আবারও প্রসূতি মায়েদের ছুটতে হবে ৩০-৪০ কিলোমিটার দূরে সাতক্ষীরা সদর হাসপাতাল বা প্রাইভেট ক্লিনিকে।
১৭ই ফেব্রুয়ারি আগে ও পরে – আকাশ-পাতাল পার্থক্য।১৭ই ফেব্রুয়ারি নভেম্বরের আগে দেবহাটা হাসপাতালে গাইনি, মেডিসিন, সার্জারি, শিশু, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, চক্ষু, নাক-কান-গলা ও অ্যানেস্থেসিয়া-সব বিভাগেই কনসালটেন্টের পদ শূন্য ছিল। ১১ জন কনসালটেন্ট ও ১২ জন মেডিকেল অফিসারের পদ দীর্ঘদিন শূন্য পড়ে ছিল।
ফলে সিজারিয়ান অপারেশন একরকম বন্ধই ছিল। সামান্য প্রসব ব্যথা নিয়েও মায়েদের রেফার করা হতো সাতক্ষীরা সদরে।
ডা. অনন্যা রানী যোগ দেওয়ার পর চিত্র বদলে যায়। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত গাইনি আউটডোরে ভিড় লেগে থাকে প্রসূতি মা ও নারী রোগীদের। নিয়মিত হচ্ছে নরমাল ডেলিভারি, এএনসি ও পিএনসি সেবা, পরিবার পরিকল্পনা সেবা এবং জরায়ু ও স্ত্রীরোগের প্রাথমিক চিকিৎসা।
পারুলিয়া গ্রামের গৃহবধূ সুমি খাতুন বলেন,আগে প্রাইভেট ক্লিনিকে যেতে হতো অনেক টাকা খরচ করে। এখন (ড.অনন্যা রানী) খুব যত্ন নিয়ে দেখেন, ব্যবহারও খুব ভালো। হাসপাতালে ওষুধও পাচ্ছি।
বদলি হলেই আবার অন্ধকার
দেবহাটা উপজেলার নারীরা বলছেন,একজন ডাক্তারের ওপরই তো ভরসা করে চলছে পুরো গাইনি বিভাগ। তিনি চলে গেলে আমরা কোথায় যাবো?
কুলিয়া গ্রামের হতদরিদ্র এক প্রসূতি মায়ের স্বজন বলেন,আমার স্ত্রীর সিজার লাগতে পারে বলেছে। দেবহাটায় যদি সিজার না হয়, সাতক্ষীরা যেতে যেতে রাস্তায় যদি কিছু হয়ে যায়, দায় নেবে কে?”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম বলেন, আমাদের অনুমোদিত ১১টি কনসালটেন্ট পদের মধ্যে প্রায় সবই শূন্য। ১২ জন মেডিকেল অফিসারের বিপরীতে জনবল প্রয়োজনের এক-তৃতীয়াংশেরও কম। আমরা বারবার সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরে চাহিদাপত্র পাঠিয়েছি।
তিনি আরও বলেন,৫০ শয্যার এই হাসপাতালে রোগীর চাপ এখন দ্বিগুণ। ডাক্তার না থাকায় বাধ্য হয়ে রোগীদের সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করতে হচ্ছে।
দেবহাটার সর্বস্তরের মানুষের দাবি ৩টি:
১) ডা. অনন্যা রানীকে দেবহাটায় স্থায়ীভাবে রাখতে হবে,তার বদলি ঠেকাতে হবে।
২) তার শূন্যস্থান পূরণের আগেই কোনোভাবেই বদলি করা যাবে না।
৩) দেবহাটায় অ্যানেস্থেসিয়া, সার্জারি ও শিশু বিভাগের কনসালটেন্টসহ পূর্ণ টিম দিতে হবে,যাতে একজন চলে গেলেও সিজারিয়ান বন্ধ না হয়।
স্থানীয় অনেক জনপ্রতিনিধি বলেন, একজন গাইনি ডাক্তারের বদলি মানে দেড় লাখ মানুষের মাতৃত্বকালীন সেবা থেকে বঞ্চিত হওয়া। এটা কোনো সাধারণ বদলি নয়, এটা জীবন-মরণের প্রশ্ন। সরকারের উচিত দেবহাটার মতো সীমান্তবর্তী হাসপাতালকে অগ্রাধিকার দেওয়া।
এ বিষয়ে ডা. অনন্যা রানী বলেন,আমরা সকলেই চেষ্টা করছি প্রতিটি মাকে নিরাপদ মাতৃত্ব সেবা দিতে। উপজেলা পর্যায়ে মায়েদের সচেতনতাই সবচেয়ে জরুরি। নিয়মিত চেকআপ করলে অনেক জটিলতা আগে থেকেই এড়ানো সম্ভব।
দেবহাটা উপজেলার সর্বস্তরের জনগণ এখন তাকিয়ে আছে স্বাস্থ্য অধিদপ্তরের দিকে-একজন ডাক্তারকে ধরে রাখা হবে, নাকি আবারও সিজারিয়ান ও গাইনি সেবা থেকে বঞ্চিত হবে পুরো দেবহাটা উপজেলা বাসী?