
জীবননগর বাঁকা ইউনিয়নের মিনাজপুর গ্রামের কৃতি সন্তান ও সাংবাদিক এইচ এম হাকিম সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। রবিবার (৩১ মে) সকালে স্বপরিবারে একটি প্রাইভেটকারে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঝিনাইদহ বাইপাসের খালপাড়া এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেন। এতে গাড়িতে থাকা সাংবাদিক এইচ এম হাকিমসহ তাঁর পরিবারের সদস্যরা আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে ঝিনাইদহের সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি বেশ ভয়াবহ হলেও মহান আল্লাহর অশেষ রহমতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। বর্তমানে সাংবাদিক এইচ এম হাকিম ও তাঁর পরিবারের সদস্যরা আশঙ্কামুক্ত ও সুস্থ রয়েছেন।
এ ঘটনায় আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁদের দ্রুত পূর্ণ সুস্থতা কামনা করেছেন।