
রাকিব মাহী, জবি প্রতিনিধি
জুলাই আন্দোলনের খুনিদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া শহীদ পরিবার, গুমের শিকার পরিবার ও আন্দোলনের সহযোদ্ধাদের ধৈর্য ধরতে হবে। তাদের ত্যাগ বৃথা যাবে না।
বুধবার (৮ জুলাই) সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের উদ্যোগে আয়োজিত ‘মননে জুলাই’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে ফ্যাসিবাদী শাসন ছিল। জুলাই আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ও আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনে যাঁরা রাজপথে ছিলেন এবং শহীদ ও আহত হয়েছেন, তাঁদের অবদান জাতি স্মরণ রাখবে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদ ও গুমের শিকার পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করতে হবে। আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার একদিন বাংলাদেশের মাটিতেই হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়) ডা. জাহেদ উর রহমান। সভাপতিত্ব করেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ নিস্তার জাহান কবীর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা, ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ , জুলাই যোদ্ধা ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।