
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) বিকেল ৩টায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় জনসংখ্যা বৃদ্ধি, পরিবার পরিকল্পনা, মাতৃ ও শিশুস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, নারী শিক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে পরিকল্পিত জনসংখ্যা ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনে দক্ষ, সুস্থ ও সচেতন মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। এ লক্ষ্যে পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার করা, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং শিক্ষার প্রসার ঘটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা আরও বলেন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান, আবাসন ও পরিবেশের ওপর চাপ বাড়ছে। তাই জনসংখ্যাকে বোঝা হিসেবে না দেখে দক্ষ, সুস্থ ও উৎপাদনশীল মানবসম্পদে রূপান্তরিত করতে পারলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সহজ হবে।
এবারের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য ছিল
“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি।”
সভায় বক্তারা বলেন, “সচেতন পরিবার, সুস্থ সমাজ, পরিকল্পিত জনসংখ্যা—এটাই হোক বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬-এর অঙ্গীকার।” একই সঙ্গে পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্যসেবা এবং জনসচেতনতা বৃদ্ধিতে সকলের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।