
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান জীবননগরে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। সভায় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জেলা পরিষদের জোরালো ভূমিকার কথা তুলে ধরেন।
সভায় উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে মো. শরীফুজ্জামান বলেন, একটি জনপদের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। তিনি বিশেষ করে মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে অনুদান প্রদানের বিষয়টি উল্লেখ করেন। সেই সাথে স্থানীয় প্রয়োজনে ভবিষ্যতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় আশ্বাস প্রদান করেন।
সভায় উপস্থিত হয়ে জীবননগর উপজেলা বিএনপি’র সভাপতি শাহাজাহান কবির এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নের দাবিগুলো প্রশাসকের সামনে তুলে ধরেন। স্থানীয় উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের জন্য জেলা পরিষদ প্রশাসককে ধন্যবাদ জানিয়ে তিনি জনকল্যাণমূলক কাজে ভবিষ্যতেও একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।