
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ শামসুল হক হলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুল হক হল প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে বৃক্ষরোপণ করেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, হল প্রভোস্ট অধ্যাপক ড. আবুল মঞ্জুর খান, বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান সহ হলের শিক্ষার্থীরা।
এ সময় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিকল্পিত সবুজায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও পরিবেশবান্ধব ও বাসযোগ্য করে তোলা সম্ভব।
কর্মসূচিতে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে ক্যাম্পাসের সবুজায়ন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকেরা জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য স্মরণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।