
রাকিব মাহী,জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় লাইব্রেরি ও ই-লাইব্রেরিতে ইন্টারনেট সেবা ও অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ থেকে শিক্ষার্থীরা সার্বক্ষণিক পূর্ণগতির ইন্টারনেট সেবা পাবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. রিয়াসাল রাকিব।
তিনি জানান, দীর্ঘদিনের ইন্টারনেট সমস্যার সমাধান করা হয়েছে। তবে পত্রিকার রুমের নেটওয়ার্কের গতি আরও উন্নত করতে কিছুটা সময় লাগবে। একইসঙ্গে ই-লাইব্রেরিতে ব্যবহৃত কয়েকটি পুরোনো ডেস্কটপ কম্পিউটার ধীরগতির হওয়ায় ব্যবহারকারীদের কিছুটা সমস্যা হচ্ছিল বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়া কেন্দ্রীয় লাইব্রেরির তিনটি ফ্যান এবং ই-লাইব্রেরির তিনটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) অচল অবস্থায় রয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে পানির ফিল্টার স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে। এসব সমস্যার সমাধান চলতি সপ্তাহের মধ্যেই সম্পন্ন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী কেন্দ্রীয় লাইব্রেরিতে আসনসংখ্যা বৃদ্ধির কাজও এই সপ্তাহের মধ্যেই শুরু হবে বলে জানিয়েছেন জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদক।
তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য আধুনিক, আরামদায়ক ও সেবাবান্ধব লাইব্রেরি পরিবেশ নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ চলছে।