
আজিজ,রংপুর প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনে শৃঙ্খলা, চেইন অব কমান্ড ও প্রচলিত নিয়ম-নীতি মেনে চলার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) পুলিশ কমিশনার জনাব মুঃ মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা।
রোববার (১ নভেম্বর ২০২৬) সকাল ৮টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাস্টার প্যারেডে আরপিএমপির বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করেন। প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ কমিশনার জনাব জোবায়ের ইসলাম। তাঁর নেতৃত্বে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা পুলিশ কমিশনারকে আনুষ্ঠানিক সালামি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব মারুফ আহমেদ এবং উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও অতিরিক্ত দায়িত্বে উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) জনাব সনাতন চক্রবর্তীসহ আরপিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যকে পেশাগত ও ব্যক্তিগত জীবনে শৃঙ্খলা বজায় রাখতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে কমান্ড চেইন ও নেতৃত্বের কাঠামোর প্রতি শ্রদ্ধাশীল থাকা অত্যন্ত জরুরি। প্যারেডের মাধ্যমে অর্জিত শৃঙ্খলা, আনুগত্য, সমন্বয় ও কেন্দ্রীয় কমান্ডের অধীনে দায়িত্ব পালনের শিক্ষা কর্মক্ষেত্রের প্রতিটি পর্যায়ে বাস্তবায়ন করতে হবে।
তিনি আরও বলেন, একটি সুশৃঙ্খল ও দক্ষ পুলিশ বাহিনী গড়ে তুলতে প্রত্যেক সদস্যকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং প্রতিষ্ঠানের নিয়ম-নীতি মেনে চলতে হবে।
প্যারেড শেষে পুলিশ কমিশনার মোটরযান শাখা, ডি-স্টোর ও রেশন স্টোর পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট শাখাগুলোর কার্যক্রম, ব্যবস্থাপনা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি দাপ্তরিক কার্যক্রমের মানোন্নয়ন, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।