
মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নে বাত, ব্যথা, প্যারালাইসিস ও প্রতিবন্ধী রোগীদের নিয়ে দুই দিনব্যাপী এক বিশেষ বিনামূল্যে রিহ্যাবিলিটেশন মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ সেপ্টেম্বর এবং আজ ২৪ সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন চুয়াডাঙ্গা সরকারি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে এই জনকল্যাণমুখী ক্যাম্পের আয়োজন করা হয়।দুই দিনব্যাপী এই ক্যাম্পে এলাকার বিপুল সংখ্যক অসহায়, দুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষকে বিনামূল্যে থেরাপি এবং রিহ্যাবিলিটেশন সেবা প্রদান করা হয়েছে। বিশেষ করে গ্রামীণ জনপদের যেসব দরিদ্র মানুষ অর্থের অভাবে বাত-ব্যথা বা প্যারালাইসিসের মতো দীর্ঘমেয়াদী রোগের উন্নত চিকিৎসা নিতে পারেন না, তারা এই ক্যাম্পের মাধ্যমে বিশেষজ্ঞ সেবা পেয়েছেন।স্থানীয় বাসিন্দারা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং প্রান্তিক পর্যায়ে এ ধরনের সেবামূলক ক্যাম্প আরও বেশি আয়োজন করার তাগিদ দিয়েছেন। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, প্রতিবন্ধী ও অবহেলিত জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা পৌঁছে দিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।