
জি এম আব্বাস উদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:- সাতক্ষীরার দেবহাটা উপজেলার গোপাখালি ইজারাকৃত খালটি বাতিল করে সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবিতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৯ ই সেপ্টেম্বর (শনিবার) সকালে দেবহাটা উপজেলার গোপাখালি ইজারাকৃত খাল পাড়ে এলাকায় স্থানীয় ক্ষতিগ্রস্ত মৎস্যজীবী ও সচেতন এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গোপাখালি খালটি দীর্ঘদিন ধরে এলাকার শত শত কৃষক, মৎস্যজীবী ও সাধারণ মানুষের প্রাকৃতিক সেচ এবং জলাবদ্ধতা নিষ্কাশনের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। বাংলাদেশ সরকারি জলমহল ব্যবস্থাপনা নীতি, ২০০৯ এর ভূমি মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, দেশের সাধারণ উন্মুক্ত জলাশয়, প্রবাহমান নদী এবং জোয়ার- ভাটা খেলে এমন প্রাকৃতিক পানি প্রবাহকে উন্মুক্ত রাখা হয় যাতে সাধারণ মৎস্যজীবীরা ও স্থানীয় জনগণ জীবিকা নির্বাহ করতে পারে।
বক্তরা আরো বলেন, দলীয় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ইজারা নিয়ে দখল করে রাখছিলো।
গত ৫ই আগস্ট দলীয় পটপরিবর্তনের কারণে স্থানীয় জনগণের ও মৎস্যজীবিদের আবেদন পেক্ষিতে খালটি উন্মুক্ত করা হয়।
কিন্তু সম্প্রতি একটি প্রভাবশালী মহল নিয়ম-নীতি তোয়াক্কা না করে খালটি ইজারা নেয়। এর ফলে সাধারণ কৃষক ও মৎস্যজীবীরা বিলে পানি সেচ, মৎস্য শিকার ও দৈনন্দিন কাজে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বক্তারা অবিলম্বে এই অবৈধ বা একপক্ষীয় ইজারা প্রথা বাতিল করে গোপাখালি খালটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য জেলা ও উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন কারীরা বলেন দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মহাসিন আলী, শাহ আলম, আব্দুর রউফ গাজী, খাদেম আলী, দাউত আলী, আব্দুর রশিদ, নুর ইসলাম, আবদুর সেলিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভুক্তভোগী কৃষক, মৎস্যজীবী এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।