খুলনা থেকে অপহৃত দেড় বছরের শিশু, রাজাপুর থেকে উদ্ধার
- আপডেট সময় : ০৯:১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ১০ বার পড়া হয়েছে

রাজাপুর ,ঝালকাঠীঃ
ডিভোর্সের জেরে প্রতিশোধ নিতে দেড় বছরের এক শিশুকে অপহরণ করে তিন লাখ টাকা ও সাবেক স্ত্রী ময়নাকে দাবি—এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ঝালকাঠির রাজাপুর উপজেলার আঙ্গারিয়া গ্রামের বাসিন্দা তোতার বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী আঙ্গারিয়া গ্রামের তোতার সঙ্গে কয়েক বছর আগে ময়নার বিয়ে হয়। তিন মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে “দোকানে নিয়ে যাওয়ার কথা” বলে ময়নার ভাইয়ের দেড় বছরের ছেলে মিহিরকে ডুমুরিয়ার নোয়াকাটি ক্লাব মোড় এলাকা থেকে তুলে নেয় তোতা। পরে শিশুটিকে আঙ্গারিয়ার নিজের এলাকায় নিয়ে আসে।
পরিবারের দাবি, দুপুরের দিকে তোতা ফোন করে তিন লাখ টাকা ও ময়নাকে ফেরত দেওয়ার দাবি জানায়। থানায় জানালে শিশুটিকে হত্যার হুমকিও দেয়। শিশুটির বাবা মাহাবুব মোল্লা ডুমুরিয়া থানায় সাধারন ডায়েরি জিডি করেন।
পুলিশ সূত্র জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করলে সে শিশুটিকে আঙ্গারিয়া ইটভাটা সংলগ্ন একটি জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায়।
রবিবার সন্ধ্যার পর স্থানীয় বাসিন্দা মোঃ রুহুল আমিন (৬৫) কান্নার শব্দ শুনে কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় হস্তান্তর করেন। পরে শিশুটির বাবা এসে সন্তানকে সুস্থ অবস্থায় বুঝে নেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। পারিবারিক বিরোধ যে কতটা ভয়াবহ রূপ নিতে পারে—এই ঘটনা তারই এক মর্মান্তিক উদাহরণ।




















