
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই রাজনৈতিক নেতা গ্রেপ্তার, পৃথক অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত নারী আটক
রাসেল হোসেন ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দুজন সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি এবং অপরজন আদালতের সিআর ওয়ারেন্টভুক্ত নারী আসামি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর কোটচাঁদপুর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষা ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার দুই রাজনৈতিক নেতা হলেন উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মৃত বদিউল আলমের ছেলে গোলাম মোহায়মেন ওরফে পান্নু (৫৫)। তিনি এলাঙ্গী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। অপরজন পারলাট গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মো. মিন্টু সরদার (৪৭)। তিনি বলুহর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে পরিচিত।
পুলিশের ফ্ল্যাশ রিপোর্ট অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা কোটচাঁদপুর থানার মামলা নম্বর ১৬, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নম্বর ১১৮/২৬-এর আসামি। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এদিকে, পৃথক অভিযানে বৃষ্টি খাতুন নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কোটচাঁদপুর উপজেলার বড়বামনদহ গ্রামের বাসিন্দা এবং তাঁর স্বামীর নাম মাসুম বিল্লাহ। পুলিশ জানায়, কোট সিআর-৩১৭/২৬ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার দুই রাজনৈতিক নেতার পিসিপিআর যাচাইয়ে বিরূপ কোনো তথ্য পাওয়া যায়নি। তিনজনের ক্ষেত্রেই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অপরাধ দমন ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।