
কুবি প্রতিনিধি,শরীফুল ইসলাম:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিন্থী ও তার মা তাহমিনা বেগম হত্যা মামলায় একমাত্র আসামি মো. মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াছিন আরাফাত এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসায় সুমাইয়া ও তার মা তাহমিনা বেগমকে হত্যা করা হয়। পরদিন ৮ সেপ্টেম্বর ওই বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করা হয়।
ঘটনার পর পুলিশ অভিযুক্ত মোবারক হোসেনকে গ্রেপ্তার করে। ৯ সেপ্টেম্বর কুমিল্লার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।
তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ঝাড়ফুঁক ও কবিরাজির সূত্রে সুমাইয়ার পরিবারের সঙ্গে মোবারকের পরিচয় হয়। ঘটনার আগে প্রায় এক মাস ধরে তিনি ওই বাসায় যাতায়াত করতেন। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মোবারক সুমাইয়াকে ধর্ষণ এবং বিষয়টি দেখে ফেলায় তার মা তাহমিনা বেগমকে হত্যার কথা স্বীকার করেন।
মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২) ধারার পাশাপাশি দণ্ডবিধির ৩০২ ও ৩৮০ ধারায় অভিযোগ আনা হয়। ২০২৬ সালের ১৪ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আদালত অভিযোগপত্র গ্রহণ করে বিচারিক কার্যক্রম শুরু করেন।
গত ২৭ অক্টোবর মামলার যুক্তিতর্ক শেষ হয়। এরপর ৫ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য থাকলেও তা পিছিয়ে ১১ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন আদালত। নির্ধারিত দিনেই আদালত এ রায় ঘোষণা করেন।