
মোঃ মহাসিন কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে রংধনু কমিউনিটি সেন্টারে ফ্রি চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) শ্যামনগর উপকূলীয় চক্ষু হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়।
চক্ষু শিবিরের উদ্বোধন করেন ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও শিক্ষক গাজী মিজানুর রহমান।
শিবিরে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় সেবা দেওয়া হয়।
উদ্বোধনকালে গাজী মিজানুর রহমান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। বিনামূল্যে চক্ষু চিকিৎসার মতো মানবিক উদ্যোগ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
চক্ষু শিবির পরিচালনা করেন শ্যামনগর উপকূল চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. রওনাফুল ইসলাম রিমন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ধলবাড়িয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি আহম্মদ শাহ মাসুদ, গোবিন্দকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হাসান, বিশিষ্ট শিক্ষাবিদ শুভ্র মল্লিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।