কারাগারে দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক খানের মৃত্যু
- আপডেট সময় : ১০:৩০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ৬ বার পড়া হয়েছে

মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীর দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম খান কারাগারে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, শুক্রবার রাতে কারাগারে থাকা অবস্থায় শফিকুল ইসলাম খান হঠাৎ অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা ধারণা করছেন। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
শফিকুল ইসলাম খান দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ১১ আগস্ট নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় এবং পটুয়াখালী জেলা কারাগারে হাজতি হিসেবে রাখা হয়।
বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
উল্লেখ্য, মোঃ শফিকুল ইসলাম খান উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত হাবিবুর রহমান খানের ছেলে। তাকে গত ২৭ জুন ২০২৫ তারিখে দুমকী থানার মামলা নং–১০ এ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় গ্রেফতার করা হয়েছিল।



















