
আজিজ,রংপুর প্রতিনিধি:উত্তরবঙ্গের শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ, রংপুরের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। দীর্ঘ ১১০ বছরের গৌরবময় ইতিহাস, শিক্ষা-সংস্কৃতির বিকাশ এবং অসংখ্য কৃতী শিক্ষার্থী তৈরির ঐতিহ্যকে স্মরণ করে কলেজ প্রাঙ্গণে আয়োজিত হয় বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান জনাব মোঃ সামসুজ্জামান সামু।
প্রধান অতিথির বক্তব্যে সামসুজ্জামান সামু বলেন, কারমাইকেল কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি উত্তরবঙ্গের শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের এক গৌরবোজ্জ্বল নাম। ১১০ বছরের পথচলায় এই প্রতিষ্ঠান অসংখ্য জ্ঞানী, গুণী, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সমাজসেবক ও দেশপ্রেমিক মানুষ গড়ে তুলেছে। এই কলেজের সঙ্গে রংপুরের মানুষের আবেগ, ভালোবাসা ও আত্মপরিচয় গভীরভাবে জড়িত।
তিনি বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে শিক্ষা। আর মানসম্মত শিক্ষা বিস্তারে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান প্রজন্মকে আধুনিক, বিজ্ঞানমনস্ক, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, কারমাইকেল কলেজের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য ধরে রেখে শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং অবকাঠামোগত উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেম জাগ্রত করতে হবে।
সামসুজ্জামান সামু কারমাইকেল কলেজের ১১০ বছরের গৌরবময় পথচলার সঙ্গে সম্পৃক্ত সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে আগামী দিনগুলোতে এ প্রতিষ্ঠান শিক্ষা ও জ্ঞানচর্চায় আরও সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, কারমাইকেল কলেজ রংপুর তথা উত্তরবঙ্গের উচ্চশিক্ষার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ১১০ বছরের ঐতিহ্য ও অর্জনকে ধারণ করে প্রতিষ্ঠানটি আজও নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও আলোকিত ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।