ইনকিলাবা মঞ্চে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ ও সমাবেশ
- আপডেট সময় : ১১:৩৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
আতারউর রহমান যশোর জেলা প্রতিনিধিঃ ইনকিলাব মঞ্চের সমাবেশে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শহরের দড়াটানা ভৈরব মঞ্চ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি দড়াটানা হয়ে থানার মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে হামলার প্রতিবাদ জানান।
এর আগে দড়াটানা ভৈরব মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, “আজকের ঘটনা সম্পূর্ণ ফ্যাসিস্ট যুগের চিত্র। আমরা জানতে চাই, ইন্টেরিম সরকার ও পুলিশ কার স্বার্থ রক্ষা করছে? একটি হত্যাকাণ্ডের বিচার না করে বিচার দাবি করা কর্মীদের ওপর হামলার উদ্দেশ্য কী?”
বক্তারা আরও বলেন, ‘আজ হাদি হত্যার ৫০তম দিনে ইনকিলাব মঞ্চের পূর্বনির্ধারিত কর্মসূচিতে হাসিনার রেখে যাওয়া পুলিশ বাহিনী যে হামলা চালিয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। গুলি করে শিক্ষার্থীদের দমন করা যাবে না।’
সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অনতিবিলম্বে হাদি হত্যার বিচার নিশ্চিত করা না হলে এবং ঢাকায় সংঘটিত হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে জুলাই আন্দোলনের মতো যশোরকে অচল করে দেওয়া হবে।























