
যশোর অফিস : ইজিবাইকে পরিবেশদূষণকারী সিসাযুক্ত ব্যাটারির পরিবর্তে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এ প্রযুক্তি ব্যবহারের ফলে বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশদূষণ কমার পাশাপাশি চালকদের দৈনিক আয় বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ১২টায় যশোরের সিসিটিএসের সম্মেলনকক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) উদ্যোগে রাজধানীর উত্তরখানে ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের একটি পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। এ প্রযুক্তি ব্যবহার করলে একবার চার্জে একটি ইজিবাইক ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। একই সঙ্গে চালকদের দৈনিক আয় প্রায় ২০০ টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, পরীক্ষামূলক প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে পর্যায়ক্রমে ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারির ব্যবহার সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের। এর মাধ্যমে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব কমানোর পাশাপাশি বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।
দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আমদানিকৃত কয়লার পরিবর্তে দেশের ভূগর্ভে থাকা কয়লা ব্যবহারের সম্ভাবনা নিয়ে সরকার কাজ করছে। তবে এ ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি পরিবেশগত বিষয়গুলোকেও গুরুত্ব দেওয়া হবে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আজিজুল হক মনির সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নগর পরিকল্পনাবিদ ইকবাল আহমেদ, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং জেলা বিএনপির সভাপতি সাবিরুল হক সাবুসহ অন্যরা।