
মোঃ সজিব সরদার স্টাফ রিপোর্টারঃ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে পরিবারের কাছ থেকে হারিয়ে যাওয়া এক শিশুকে দ্রুত উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন দায়িত্বপালনরত আনসার সদস্যরা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে চিকিৎসার জন্য হাসপাতালে আসা এক দম্পতির সঙ্গে থাকা শিশুটি হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান না পেয়ে বিষয়টি হাসপাতাল পরিদর্শনে থাকা বরিশাল জেলা কমান্ড্যান্ট মো. রাকিবুল ইসলামকে জানান এবং সহযোগিতা চান।
শিশুটি হারিয়ে যাওয়ার খবর পেয়ে জেলা কমান্ড্যান্টের নির্দেশনায় হাসপাতালে দায়িত্বপালনরত আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে তৎপর হয়ে ওঠেন। তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, করিডোর, প্রবেশ ও বহির্গমন পথসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে শিশুটির সন্ধানে ব্যাপকভাবে তল্লাশি শুরু করেন।
একপর্যায়ে আনসার সদস্যরা শিশুটিকে খুঁজে পেয়ে উদ্ধার করেন। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শিশুটিকে নিরাপদে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়। সন্তানকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন শিশুটির বাবা-মা।
বরিশাল জেলা কমান্ড্যান্ট মো. রাকিবুল ইসলাম বলেন, হাসপাতালে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সেবা নিতে আসা রোগী ও স্বজনদের প্রয়োজনে মানবিক সহযোগিতাও করে থাকেন। হারিয়ে যাওয়া শিশুটিকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় তিনি দায়িত্বপালনরত আনসার সদস্যদের প্রশংসা করেন।
তিনি বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখতে আনসার সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
হাসপাতালে নিরাপত্তা ও জনসেবামূলক দায়িত্ব পালনের পাশাপাশি আনসার সদস্যদের এমন তাৎক্ষণিক উদ্যোগ রোগী ও স্বজনদের মধ্যে নিরাপত্তাবোধ ও আস্থা আরও বাড়াচ্ছে।