
মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম
চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংবাদপত্র ও স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র হিসেবে পরিচিত দৈনিক আজাদী ৬৭ বছরে পদার্পণ করেছে। গৌরবময় এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৈনিক আজাদী পরিবারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)।
রবিবার (৬ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিআরএর পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে দৈনিক আজাদীর ভারপ্রাপ্ত সম্পাদক ওয়াহিদ মালেককে শুভেচ্ছা জানানো হয়। এ সময় সিআরএ আহবায়ক
কমিটির সদস্য সচিব সাইফুদ্দিন রমিজ, অর্থ-সম্পাদক মোহাম্মদ শাকিল, সদস্য সাফায়েত মোশেদ, রিদুয়ান হৃদয় সহ আরো অনেক উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা প্রদানকালে সিআরএর আহবায়ক কমিটির সদস্য সচিব সাইফুদ্দিন রমিজ জানান, দৈনিক আজাদী চট্টগ্রামের সংবাদপত্র জগতের একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান। দীর্ঘ সময় ধরে নানা প্রতিকূলতা ও পরিবর্তনের মধ্যেও পত্রিকাটি তার সাংবাদিকতার ঐতিহ্য ধরে রেখেছে। চট্টগ্রামের
মাটি ও মানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে দৈনিক আজাদীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে থেকে মানুষের কথা বলাই সাংবাদিকতার মূল দায়িত্ব।
সেই দায়িত্ব পালনে দৈনিক আজাদী তার দীর্ঘ ঐতিহ্য ধরে রাখবে এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্যও অনুপ্রেরণার জায়গা হয়ে থাকবে।চট্টগ্রামের মাটি ও মানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে দৈনিক আজাদীর দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করে সিআরএর পক্ষ থেকে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য,সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করা হয়।
১৯৬০ সালের ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের মাটি ও মানুষের কথা বলার প্রত্যয় নিয়ে দৈনিক আজাদীর যাত্রা শুরু হয়। ২০২৬ সালের ৫ সেপ্টেম্বর পত্রিকাটি প্রতিষ্ঠার ৬৭ বছরে পদার্পণ করেছে।