আগৈলঝাড়ায় সৌদি প্রবাসীর নামে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ
- আপডেট সময় : ১০:০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ৫৩৬ বার পড়া হয়েছে
বরিশাল ক্রাইম রিপোর্টার:বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সৌদি আরব প্রবাসী ওমর আলির নামে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার জয়রামপট্টি গ্রামের হোসেন মিয়ার ছেলে ওমর আলি দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাস জীবন যাপন করছেন। সম্প্রতি “আগৈলঝাড়া নিউজ ২৪” নামের একটি ফেসবুক আইডি থেকে তার নাম ও ছবি ব্যবহার করে এমন কিছু বক্তব্য ও তথ্য প্রচার করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা এবং ওমর আলির সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট নয় বলে দাবি করা হয়েছে।
ভুক্তভোগী ওমর আলি বলেন, আমি দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছি। সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নাম ব্যবহার করে যে অপপ্রচার চালানো হয়েছে, তার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার সম্মানহানি করার উদ্দেশ্যে এসব মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
তিনি আরও বলেন, এ ধরনের অপপ্রচার আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা। বিষয়টির তীব্র নিন্দা জানাচ্ছি এবং যারা এর সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করছেন, যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের মিথ্যা তথ্য প্রচার সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা অপপ্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



















