
মোঃ সোহেল রানা বরিশাল জেলা প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভালুকশী পূর্ব গোয়াইল গ্রামে জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে একটি ফলের বাগানের ৫ শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের সুজনকাঠি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মন্নান আকনের ছেলে হেলাল আকন শখের বসে রাজিহার ইউনিয়নের ভালুকশী পূর্ব গোয়াইল গ্রামে তার পৈতৃক জমিতে বিভিন্ন প্রজাতির ফলের বাগান গড়ে তোলেন। সম্প্রতি রাতের আঁধারে দুর্বৃত্তরা ওই বাগানে প্রবেশ করে ৫ শতাধিক ফলজ ও অন্যান্য গাছ কেটে ফেলে।
হেলাল আকনের অভিযোগ, জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে তার কয়েকজন প্রতিবেশী এ ঘটনার সঙ্গে জড়িত। তিনি অভিযোগ করে বলেন, কামাল ফকিরের নেতৃত্বে টাকার বিনিময়ে একটি সন্ত্রাসী দল ভাড়া করে কিছু লোকের মাধ্যমে রাতের আঁধারে তার বাগানের গাছগুলো কেটে ফেলা হয়েছে।
এ ঘটনায় হেলাল আকন আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি বর্তমানে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
অভিযোগ পাওয়ার পর আগৈলঝাড়া থানার এএসআই তারেক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছেন এবং জড়িতদের শনাক্ত করার বিষয়ে তদন্ত কার্যক্রম চালিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান সাংবাদিকদের বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।