
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির টানা ১৪ বছরের বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত সোহরাব হোসেন বাবুল মাস্টারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে ওই শিক্ষক নেতাকে সেরাল গ্রামের তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। একই দিন রাতে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাজু সেরনিয়াবাত, বাগধা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিঠু বখতিয়ার ও ছাত্রলীগ কর্মী কাওসার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের পরিবারের সদস্যদের অভিযোগ, কোনো সুনির্দিষ্ট মামলা বা অভিযোগ ছাড়াই তাদের পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহরাব হোসেন বাবুল মাস্টার কার্যক্রম নিষিদ্ধ বরিশাল জেলা যুবলীগের সদস্য মাহমুদুল হাসান সাগর সেরনিয়াবাতের বাবা।