আওয়ামী দোসরদের পুনর্বাসনে মরিয়া ভোমরা ইউনিয়ন বিএনপি সভাপতি শাহিনুর
- আপডেট সময় : ০৫:২৪:১১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৩০০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার ০৬ নং ভোমরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিনুর ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগের চিহ্নিত নেতাকর্মীদের মোটা অংকের অর্থের বিনিময়ে পুনর্বাসনের গুরুতর অভিযোগ উঠেছে। গত ৫ই আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর ভোল পাল্টে শাহিনুর ইসলাম এখন স্থানীয় পর্যায়ে ‘আওয়ামী রক্ষক’ হিসেবে আবির্ভূত হয়েছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলের নেতা-কর্মীরা।
অনুসন্ধানে জানা যায়, হাড়দ্দহা গ্রামের শতবর্ষী পুরাতন ‘দক্ষিণপাড়া শাহী জামে মসজিদ’-এর বর্তমান কমিটি ভেঙে দিয়ে সেখানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম বাবলুকে সাধারণ সম্পাদক করার পাঁয়তারা করছেন শাহিনুর। উল্লেখ্য, বাবলু ৫ই আগস্ট পরবর্তী একাধিক রাষ্ট্রবিরোধী ও হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। লক্ষাধিক টাকার বিনিময়ে এই খুনের মামলার আসামিকে সামাজিক ও রাজনৈতিক নিরাপত্তা দেওয়ার অভিযোগ উঠেছে এই বিএনপি নেতার বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, শাহিনুর ইসলাম প্রশাসনিক প্রভাব খাটিয়ে ভোমরা ইউনিয়নের ৪টি ব্লকের ঘাট নিয়ন্ত্রণ করছেন। গত বছর গলদা রেনু সিন্ডিকেট থেকে শুরু করে বর্তমানের সীমান্ত বাণিজ্য—সবই এখন তার একক নিয়ন্ত্রণে। ৫ই আগস্টের পর আওয়ামী লীগের দোসরদের সাথে নিয়ে তিনি গড়ে তুলেছেন এক বিশাল সিন্ডিকেট। দিনকে রাত আর রাতকে দিন করা এই নেতার দাপটে অতিষ্ঠ সাধারণ মানুষ।
বিভাগীয় এক প্রভাবশালী বিএনপি নেতার আত্মীয় হওয়ার সুবাদে শাহিনুর কাউকে তোয়াক্কা করছেন না বলে গুঞ্জন রয়েছে। ইউনিয়নের ত্যাগী বিএনপি কর্মীরা অভিযোগ করেন, “আমরা যারা জীবন দিয়ে আন্দোলন করলাম, তারা এখন অবহেলিত। আর শাহিনুর ভাই টাকার বিনিময়ে খুনিদের পুনর্বাসন করছেন।”
এসব অভিযোগের বিষয়ে জানতে শাহিনুর ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি নিজেকে ‘ব্যস্ত’ দাবি করে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।



















