
রাকিব মাহী, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগ এবং Institute of Chartered Secretaries of Bangladesh (ICSB)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে বিভাগের শিক্ষার্থীদের জন্য পেশাগত দক্ষতা অর্জন ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
সমঝোতা স্মারকের আওতায় এআইএস বিভাগের শিক্ষার্থীরা আইসিএসবি পরিচালিত বিভিন্ন পেশাগত কোর্সে নির্ধারিত কোর্স অব্যাহতি (কোর্স এক্সেমশন) লাভের সুযোগ পাবে। এর ফলে তারা চার্টার্ড সেক্রেটারি পেশাগত যোগ্যতা অর্জনের ক্ষেত্রে তুলনামূলক সহজ ও দ্রুততর পথ অনুসরণ করতে পারবে।
সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগ শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষতা অর্জনে সহায়তা করবে এবং করপোরেট খাতে কর্মসংস্থানের সম্ভাবনা আরও বৃদ্ধি করবে। একই সঙ্গে আধুনিক ও বাস্তবমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী নূর, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার, শিক্ষার্থী উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলামসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আইসিএসবি’র প্রতিনিধিরাও অংশ নেন।
বিশ্ববিদ্যালয় ও আইসিএসবি কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, এই অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ সৃষ্টি হবে এবং একাডেমিক জ্ঞানের সঙ্গে পেশাগত দক্ষতার সমন্বয় ঘটিয়ে দেশের করপোরেট ও প্রশাসনিক খাতের জন্য যোগ্য নেতৃত্ব ও দক্ষ মানবসম্পদ তৈরি করা সম্ভব হবে।