শ্যামনগরে মৎস্য ঘের ও পুকুর খননে কঠোর নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
- আপডেট সময় : ০৬:১৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৮০ বার পড়া হয়েছে
মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলায় সরকারি রাস্তা ও অবকাঠামো রক্ষায় মৎস্য ঘের ও পুকুর খননের বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। আইন লঙ্ঘন করলে ফৌজদারি মামলাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। সোমবার (১৯ জানুয়ারি) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে জারি করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে শ্যামনগর উপজেলার সকল মৎস্য ঘের ও পুকুর মালিক, মৎস্য, চিংড়ি ও কাঁকড়া চাষিদের উদ্দেশ্যে এই নির্দেশনা প্রদান করা হয়। বিজ্ঞপ্তিতে উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক উল্লেখ করেন, মৎস্য ঘের বা পুকুর প্রস্তুতি ও খননের সময় পানি উত্তোলন ও নিষ্কাশনের জন্য পৃথক আউটড্রেন স্থাপন বাধ্যতামূলক। পাশাপাশি ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬-এর বিধি ২৮ অনুযায়ী নিজ ভূমির সীমানা থেকে কমপক্ষে ১০ ফুট ভেতরে পুকুর বা জলাশয় সীমাবদ্ধ রাখতে হবে। তিনি আরও জানান, সরকারি রাস্তার সীমানা থেকে অন্তত ১০ ফুট দূরত্ব বজায় রেখে এবং ৪৫ ডিগ্রি ঢাল রেখে পাড় নির্মাণ করতে হবে। এ নির্দেশনা অমান্য করে সরকারি রাস্তার ক্ষতিসাধন করলে দণ্ডবিধি ১৮৬০-এর ধারা ৪৩১ অনুযায়ী তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে।উপজেলা নির্বাহী অফিসার সতর্ক করে বলেন, এ ধরনের অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে এবং প্রয়োজনে সরাসরি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এ প্রেক্ষিতে, শ্যামনগর উপজেলার সকল মৎস্য ঘের ও পুকুর মালিক ও চাষিদের আইন মেনে ঘের ও পুকুর প্রস্তুতি ও খননের জন্য নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক।




















