রাজাপুরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রজেক্টর পাঠ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৩৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ১১ বার পড়া হয়েছে
মোঃ কামরুল হাসান রানা,ঝালকাঠি প্রতিনিধি:
গ্রামবাংলার প্রান্তিক বিদ্যালয়েও যে আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা বাস্তবায়ন সম্ভব—তারই উজ্জ্বল প্রমাণ দিল ঝালকাঠির রাজাপুর উপজেলার চাড়া খালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার (১৯ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরী–এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা সাকিলা রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি, এডহক কমিটি চাড়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মোঃ ইছা ফরাজি, রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহমুদুল হাসান।
প্রধান অতিথি বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক সাকিলা রহমান বলেন,
“শিক্ষার মানোন্নয়নে প্রযুক্তির ব্যবহার আজ সময়ের দাবি। চাড়া খালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে প্রজেক্টরের মাধ্যমে নিয়মিত পাঠদান প্রমাণ করে—গ্রামের শিক্ষার্থীরাও আধুনিক শিক্ষার পূর্ণ সুযোগ পেতে পারে।”
তিনি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ ইছা ফরাজির শিক্ষাবান্ধব উদ্যোগের প্রশংসা করে বলেন, তাঁর সহযোগিতায় বিদ্যালয়ে প্রযুক্তিনির্ভর পাঠদান চালু হওয়ায় শিক্ষার্থীদের শেখার আগ্রহ বহুগুণে বৃদ্ধি পেয়েছে।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে বিদ্যালয়ের সহকারী ইংরেজি শিক্ষক মোঃ রিয়াজুল ইসলাম অষ্টম শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ের পুরো শিক্ষাবর্ষের পাঠক্রম প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন। আধুনিক ভিজ্যুয়াল কনটেন্ট, সুশৃঙ্খল পাঠ পরিকল্পনা ও ইন্টারঅ্যাকটিভ উপস্থাপনায় শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত প্রশাসনিক কর্মকর্তাদেরও দৃষ্টি আকর্ষণ করে এই পাঠদান কার্যক্রম।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরী বলেন,
“শিক্ষার সঙ্গে প্রযুক্তি যুক্ত হলে শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও দক্ষতা বিকশিত হয়। এমন উদ্যোগ একটি গ্রামীণ বিদ্যালয়কে মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ দিতে পারে।”
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ অধিকারী। সুশৃঙ্খল ও প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন শারীরিক শিক্ষা শিক্ষক মোঃ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিদ্যালয়টি উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানের শেষ পর্বে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান ও বিশেষ অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
চাড়া খালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এই আয়োজন প্রমাণ করেছে—সঠিক পরিকল্পনা, প্রশাসনিক সহযোগিতা ও প্রযুক্তিনির্ভর পাঠদানের মাধ্যমে চাড়া খালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকেই গড়ে উঠতে পারে আগামীর দক্ষ ও সচেতন নাগরিক।




















