দাগনভূঞায় ফসলি জমির টপসয়েল কাটা প্রতিরোধে মধ্যরাতে প্রশাসনের অভিযান
- আপডেট সময় : ০৬:৩০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনী:
রামনগর, মাতুভূঞা ও সিন্দুরপুরে অভিযান চালিয়ে ৩টি ট্রাক্টর জব্দ, ১টি এস্কেভেটর অকেজো
ফেনীর দাগনভূঞা উপজেলায় ফসলি জমির টপসয়েল কাটা প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় গতকাল রাত ১১টা থেকে রাত ১টা ৫০ মিনিট পর্যন্ত উপজেলার রামনগর, মাতুভূঞা ও সিন্দুরপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন দাগনভূঞা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম। অভিযান চলাকালে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার কাজে ব্যবহৃত ৩টি ট্রাক্টর জব্দ করা হয়। পাশাপাশি মাটি কাটায় ব্যবহৃত ১টি এস্কেভেটর ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়।
প্রশাসন সূত্র জানায়, কৃষিজমির উর্বরতা নষ্ট করে এমন অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় মাটি কাটার সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের একটি তালিকা প্রস্তুত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়। তালিকা অনুযায়ী পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
অভিযানে সার্বিক নিরাপত্তা ও কার্যক্রম সফল করতে বাংলাদেশ পুলিশ ও আনসার সদস্যদের দুটি চৌকস টিম সঙ্গীয় ফোর্স হিসেবে দায়িত্ব পালন করে এবং প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে।
সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম জানান, “ফসলি জমির টপসয়েল কাটা সম্পূর্ণ অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। এতে কৃষিজমির উৎপাদন ক্ষমতা নষ্ট হয় এবং পরিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।




















