ছাগলনাইয়ার বক্তারহাট ক্রীড়া সোসাইটির ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নবতরুণ চাঁদগাজী
- আপডেট সময় : ০৮:০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনী:
ফেনীর ছাগলনাইয়া উপজেলার বক্তারহাট ক্রীড়া সোসাইটির উদ্যোগে আয়োজিত BKS ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৬-এর ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে নবতরুণ চাঁদগাজী। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে পাঠাননগড় আল ইত্তেহাদ ব্লাড ফাউন্ডেশন রানার্সআপ হওয়ার সম্মান অর্জন করে।
শনিবার রাতে ছাগলনাইয়া উপজেলার পূর্ব দেবপুর এলাকায় তিন দিনব্যাপী নকআউট পদ্ধতিতে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
স্থানীয় পর্যায়ে ক্রীড়ার প্রসার ও তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশগ্রহণ করে। শুরু থেকেই প্রতিটি ম্যাচে দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উত্তেজনাপূর্ণ লড়াই টুর্নামেন্টকে করে তোলে প্রাণবন্ত।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দল নবতরুণ চাঁদগাজীকে ১২ হাজার টাকা এবং রানার্সআপ দল পাঠাননগড় আল ইত্তেহাদ ব্লাড ফাউন্ডেশনকে ৮ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
পাশাপাশি উভয় দলের খেলোয়াড়দের সম্মাননা জানানো হয়।
বক্তারহাট ক্রীড়া সোসাইটির সভাপতি শরিফুল ইসলাম শিশির-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোর্টল্যান্ড গ্রুপের চেয়ারম্যান এম. নুরুল হোসেন খোকা।
তিনি বলেন, যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
নিয়মিত ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সুস্থ মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ক্লাবের উপদেষ্টা আ. জ. ম. মনসুর রাসেল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহামায়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল করিম লিটন এবং জেলা যুবদলের সদস্য হাফেজ সোহরাব হোসেন। তারা ক্রীড়াচর্চার মাধ্যমে মেধাবী খেলোয়াড় তৈরির ওপর গুরুত্বারোপ করেন এবং তরুণ সমাজকে নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।
ফাইনাল খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের মাঝে দেখা যায় ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস। স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে নিয়মিত ব্যাডমিন্টনসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।




















